স্বাস্থ্য সংকটে খালেদা জিয়া, সব চোখ এভারকেয়ারে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের ফটকে বিমর্ষ হয়ে দাঁড়িয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সেখানে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সামনের রাস্তায় কয়েশ নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়।
অনেকে দলীয় প্রধানের ছবি প্রদর্শন করে নিজেদের ভালোবাসা প্রদর্শন করছেন। হাসপাতালের ভেতরে প্রবেশ করতে তাদের প্রাণান্তকর চেষ্টা। এমন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন আমিনুল হক। হাতে মাইক নিয়ে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের অবিসংবাদিত নেতা। তার ব্যথায় আমরা ব্যথিত। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলা করা যাবে না।’ তার মতো আরও বেশ কয়েকজন নেতাই এমন পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন।
সর্বশেষ অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ডের ব্রিফিং
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। চিকিৎসা চলতে থাকলে আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা ভালো হলে এবং মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে বিদেশে নেওয়া হবে।’
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
বিদেশ নেওয়ার পরিস্থিতি নেই: মির্জা ফখরুল
এদিকে শনিবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তাকে বিদেশে নেওয়ার পরিস্থিতি নেই। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে।
হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ রিজভীর
এ দিন সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে কিনা তা চিকিৎসকরা জানাবেন।
এমন পরিস্থিতিতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করে তিনি বলেন, এতে অন্য রোগীদের সমস্যা হতে পারে। এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া করতে দেশবাসীকে অনুরোধ করেন রিজভী।

Comments
Post a Comment